আনন্দ বিনোদন প্রতিবেদক
১৯৮৫ সালে চলচ্চিত্রে একজন নায়ক হিসেবেই সুব্রতর যাত্রা শুরু হয়েছিল মহম্মদ হান্নানের প্রথম সিনেমা ‘রাই বিনোদিনী’র মধ্যদিয়ে। এই সিনেমায় তার নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। তবে সুব্রত জানান, তার প্রথম অভিনীত সিনেমা ইবনে মিজানের ‘পাতাল বিজয়’। এটি ’৮৫ সালের শেষদিকে মুক্তি পায়। পরবর্তী সময়ে সুব্রত ‘মালা বদল’, ‘মাইয়ার নাম ময়না’, ‘সাগর কন্যা’, ‘হারানো সুর’, ‘তালা চাবি’, ‘পয়সা’, ‘হুমকি’, ‘চণ্ডিদাস রজকিনী’সহ আরো বেশকিছু সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেন। চিত্রনায়িকা দোয়েল ছিলেন তার স্ত্রী। গাজী মতিউর রহমান পরিচালিত ‘ঘোমটা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সুব্রত ও দোয়েলের প্রেমের সূত্রপাত। পরবর্তীকালে বিয়ে করেন তারা। তাদের ঘরেরই মেয়ে এই সময়ের আলোচিত নায়িকা দীঘি। দোয়েল ২০১১ সালে মারা যান। সুব্রত, দোয়েল ও দীঘির একসঙ্গে একমাত্র সিনেমা হচ্ছে কাজী হায়াত্’র ‘কাবুলিওয়ালা’। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুর্ধর্ষ’ সিনেমায় তিনি প্রথম নায়কের বাবার চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে আরো অনেক নায়ক নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে সিনেমা এবং নাটকে বাবার চরিত্রেই কাজ করার বেশি প্রস্তাব পাই।’
