দুর্ভোগে স্থানীয়রা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা
নির্মাণকাজ শেষ হওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে জেলার বিভিন্ন সড়কে পানি জমে নষ্ট হচ্ছে রাস্তা। পানি জমে থাকায় এসব সড়ক ব্যবহারকারীদেরও দুর্ভোগের শেষ নেই। শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, রহনপুর, নাচোল উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে শতশত যানবাহন চলাচল করছে। পায়ে হাঁটা মানুষকে ভিজিয়েই চলছে এসব যানবাহন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। রাণীহাটি এলাকার রিকশাচালক মমিন জানান, সকালে রামচন্দ্রপুর হাটে যাবার সময় সড়কের ধারে জমে থাকা বৃষ্টির পানিতে চাকা পড়লে একটি চাকার ক্ষতি হয়। ৬০০ টাকা লাগে ঠিক করতে। দিনের সব রোজগার শেষ। মনে করেছিলাম পানি জমা স্থানে সড়ক ভালো। কিন্তু আসলে সড়ক ভালো ছিল না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বুধবার জানান, মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এতে সড়কেরও ক্ষতি হয়। আমাদের তরফ থেকে তদারকির কোনো কমতি নেই সড়ক নিরাপদ রাখতে। ১০ এর অধিক স্থানে সড়ক ও সড়কের পাশে পানি জমলে আমরা সেটা নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আমাদের লোকবল ও গাড়ি নিয়ে গিয়ে পানি জমা স্থান কেটে পানি নামার ব্যবস্থা করেছি যেন সড়কের ক্ষতি না হয়। নির্বাহী প্রকৌশলী সানজিদা আরো জানান, সড়কের পাশে দোকান মালিক বা বিভিন্ন বাসাবাড়ির মালিকগণ নিজেদের স্বার্থে পরিকল্পনা ছাড়া উঁচু-নিচু করে মাটি বা বালু ফেলে সমান করেন। এতে বৃষ্টির পানি নেমে যেতে বাধা পেয়ে সড়কে জমে যায়। তিনি জানান, গতকালই শিবগঞ্জে সড়কে পানি নামার জন্য সড়ক বিভাগ কাজ করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। সড়ক ঠিক রাখতে তিনি সবার সহযোগিতা চান।
