মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:০৩

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ডে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নব্বইরশি বাসস্ট্যান্ডের বালির রাস্তার দিকে সকাল সোয়া ৭টার দিকে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লাল মিয়ার মুদি দোকান, জুয়েল হাওলাদারের কসমেটিক্স দোকান, মতিন আকনের চায়ের দোকান, পান্না চাপরাশির মুদি দোকান, দুলাল শীলের সেলুন, মোস্তফা শেখের ফলের দোকান, আবুবকর সিদ্দিকের মুদি দোকান, মহরত তালুকদারের ফলের দোকান এবং শাহীন শেখের ফলের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জাকির হোসেন মিলনের কসমেটিক্স ও মুদি দোকান।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার রায় বলেন, তারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি মুদি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।