ইত্তেফাক রিপোর্ট
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের (সিএ এএনজেড) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। বুধবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। এর ফলে শর্তপূরণ সাপেক্ষে আইসিএবি সদস্যরা সিএ এএনজেডের পরীক্ষায় অংশগ্রহণ না করে চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডে (সিএ এএনজেড) সুযোগ পাবে। আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ এবং সিএ এএনজেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্সলি ভ্যান ওন্সল্যান এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই এমওইউর অধীনে প্রফেশনাল প্রোগ্রাম এবং ব্যাবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে উভয় ইনস্টিটিউট তাদের সদস্যদের সদস্য হিসেবে স্বীকৃতি দিবে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত সদস্যসহ সব আইসিএবি সদস্য সিএ এএনজেডের ইন্টারন্যাশনাল পাথওয়ে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা সাপেক্ষে সিএ এনজেডের সদস্য হতে পারবেন। অন্যদিকে সিএ এএনজেড সদস্যরা বাংলাদেশি নাগরিকত্ব অর্জন এবং আইসিএবি বাই ল’জ এর অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আইসিএবির সদস্য হতে পারবেন।
