বিনোদন ডেস্ক
‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ সিনেমাটি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। এরইমধ্যে আলিয়া ভাট অভিনীত এই সিনেমাটির টিজার দর্শকদের আগ্রহের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। বলিপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন কবে , কখন পর্দায় আসবে সিনেমাটি। অবশেষে সেই প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। করোনার কারণে মাঝে শুটিং বন্ধ থাকলেও পুনরায় শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিনেমাটি। আর দু-দিন শুটিং করলেই এডিটিং প্যানেলে গড়াবে সিনেমাটি। সেই লক্ষ্যেই নির্মাতা সঞ্জয়লীলা বানসালি প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ তারিখ থেকে মহারাষ্ট্রে শেষ লটের শুটিংয়ে অংশ নেবেন আলিয়া। আর এ জন্য কোনো প্রকার সময় নষ্ট করতে চান না তিনি। আলিয়া বলেন, ‘এই সিনেমাটিকে ঘিরে শুধু আমার নয়, সকলেরই দারুণ প্রত্যাশা রয়েছে। কিন্তু শুরু থেকে নানা বাধা সিনেমাটিকে আটকিয়ে দিয়েছে। তবে এখন যেহেতু সবকিছু নিজেদের অনুকূলে রয়েছে, তাই এবার আর দেরি করতে চাই না। নির্ধারিত সময়ে শুটিং শেষ করতে চাই।’ অন্যদিকে আগামী ১ জুলাই থেকে ‘আরআরআর’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন আলিয়া। সিনেমাটিতে তিনি দক্ষিণী স্টার রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
