বাংলাদেশে আসছেন না স্মিথ-ওয়ার্নাররা

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:১০

স্পোর্টস রিপোর্টার

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। কিন্তু দুই সফরে খেলবেন না অস্ট্রেলিয়ার শীর্ষ সাত ক্রিকেটার। ২৯ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল তাদের, তবে আভাস ছিল তারা সরে দাঁড়াতে পারেন। গতকাল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কনুইয়ের চোটের কারণে নেই স্টিভেন স্মিথ। আর দুই সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস।

প্রথম বার অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সি ওয়েস অ্যাগার। তার বড় ভাই অ্যাশটন অ্যাগারও আছেন দলে। অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান, ব্যাটসম্যান বেন ম্যাকডারমট দলে ফিরেছেন। ৩৮ বছর বয়সি ক্রিস্টিয়ান সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে, ম্যাকডারমট সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ডার্সি শর্ট ও ক্যামেরন গ্রিন। পেসার নাথান এলিস ও লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকে রাখা হয়েছে দুই সফরের রিজার্ভ হিসেবে।

দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘দল নির্বাচনের জন্য সবাইকে না পেয়ে আমরা অবশ্যই হতাশ। তবে সফর থেকে নিজেদের প্রত্যাহার করে  নেওয়াদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কোভিডের এই সময় আন্তর্জাতিক সফর সব অ্যাথলেটের জন্য বাড়তি অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে এটি অন্যদের জন্য সুযোগও, যারা এই বছর টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের দাবি জানাতে চায়।’আগামী ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে অস্ট্রেলিয়ানরা। ক্যারিবিয়ানে পাঁচটি টি-২০, তিনটি ওয়ানডে খেলবে তারা। পরে পাঁচটি টি-২০ খেলতে ২৮ জুলাই বাংলাদেশে আসবে ফিঞ্চ বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজেলউড, মোইজেস হেনরিকস, মিচেল মার্শ,  রাইলি মেরেডিথ, বেন ম্যাকডারমট, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

রিজার্ভ: ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা।