স্বামীকে ফিরে পেতে ত্ব-হা’র স্ত্রীর আকুতি

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:১১

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদের সন্ধান দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। তিনি বলেন, ‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে। তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান।’ 

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যদি সত্যিকার অর্থে তিনি কোনো অপরাধে যুক্ত থাকেন, তাহলে রাষ্ট্রীয় আইনে তার বিচার হোক। আমি কিছু বলব না। সে কোনো দলের সঙ্গে যুক্ত নন। 

৮ জুন থেকে ত্ব-হা’সহ চারজন নিখোঁজ রয়েছেন। চার জন একটি প্রাইভেট কার নিয়ে রংপুর থেকে ঢাকায় আসার পথে কোথা থেকে কীভাবে নিখোঁজ হয়েছেন এমন তথ্য দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীও।

সংবাদ সম্মেলনে ত্ব-হা’র স্ত্রী বলেন, ‘রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে বিকেল ৪টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়। দুটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। তিনি (ত্ব-হা) বলছিলেন, দোয়া করো যেন কিছু না হয়। এর ২০ থেকে ২৪ মিনিট পর ফোন করে জানান বাইকগুলো চলে গেছে। তুমি রান্না করো, আমরা চারজন বাসায় এসে ভাত খাবো।’

খুতবা ও বক্তব্যে জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে কথা বলতেন তিনি। তার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, ‘আমার মনে এখন অনেক কিছু মনে হয়। তিনি জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন। ইন্টারন্যাশনাল গোয়েন্দাদের বিষয় হতে পারে।’

কারো প্রতি সন্দেহ করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। অনেক সময় অনেকে তার প্রতি বিরূপ মন্তব্য করতেন, অনেক রকমের কথা বলতেন। এজন্য কোনো প্রেসার এলো কি-না তা বলতে পারছি না। আবার কখনো মনে হয় তিনি জিও পলিটিক্যালের কথা বলতেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করতেন। আন্তর্জাতিক কোনো গোয়েন্দা সংস্থার কাজ কি-না তাও বুঝতে পারছি না।’

ইত্তেফাক/এসআই