রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
হাইকোর্টের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার শতাধিক বিঘা ফসলি জমি ও জলাশয়ে বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে। জমি ক্রয় না করেই কৃষকদের ফসলি জমি আবাসন প্রকল্প পূর্বাচল ইটালিয়ান সিটি ও রিমঝিম টাউন এ কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিবাদ করলেই কৃষকরা হামলা ও মামলার শিকার হচ্ছেন।
এ ব্যাপারে ২০১৭ সালে চারিতালুক এলাকার বাদশা মিয়া বাদী হয়ে মোচারতালুক মৌজার কৃষি জমি রক্ষার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন নং ১৪৮৬৪/১৭। হাইকোর্ট পূর্বাচল ইটালিয়ান সিটি ও রিমঝিম টাউনের বিরুদ্ধে কৃষি জমি ভরাট না করার জন্য নির্দেশ দেয়। অভিযোগ তদন্তকারী এস আই সেলিম রেজা বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আবাসন প্রকল্প দুটির বালু ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও বালু ভরাটের খবর পুলিশের জানা নেই। তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ও জমি ক্রয় না করে ফসলি জমিতে বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য তাদেরকে নোটিশ প্রদান করেছি।
পূর্বাচল ইটালিয়ান সিটির চেয়ারম্যান ডা. আব্দুল কবির বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্টের নির্দেশ অমান্য করে আমার প্রকল্পে বালু ভরাট করা হচ্ছে তা আমার জানা নেই। তবে কেউ জমি ক্রয় না করে ও হাইকোর্টের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বালু ভরাট করলে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান বলেন, কৃষকদের দেওয়া অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে শিগিগরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
