‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’—এমন দাবি সংবলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিলেন উপকূলীয় এলাকা পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। গতকাল বুধবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময় তার গলায় এই প্ল্যাকার্ড দেখা যায়। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বক্তব্য দেন।
এই এমপি তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনি এলাকায় গিয়ে আমাকে জনগণের রোষানলে পড়তে হয়েছিল। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান। এই বক্তব্য দেওয়ার সময় গলায় ঝুলানো প্ল্যাকার্ডটিও দেখান তিনি।
এস এম শাহজাদা বলেন, এলাকাবাসী এরকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। আমি ঐ জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি, তারা এভাবেই বলেছিল- ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’। উল্লেখ্য, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলের বহু স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়, এনিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
