করোনা ও উপসর্গে রামেকে আরো ১৩ জনের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:৪৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় বাগেরহাটে আরো চার জন,  রংপুর বিভাগে তিন জন, নাটোরে আরো দুই জন, নওগাঁয় দুই জন ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যু ও শনাক্তের হার বেশি হওয়ায় নওগাঁয় বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৬১ জন। স্টাফ রিপোর্টার রংপুর জানান, বিভাগের সাত জেলায় মঙ্গলবার থেকে গত ২৪ ঘণ্টায় ৬১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এ সময়ে দিনাজপুুর জেলায় দুই জন এবং লালমনিরহাট জেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হলো ৪৪২ জনের।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে করোনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন করে মোংলা ইপিজেডের পাঁচ আনসার সদস্যসহ আরো ৭৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

নাটোর প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ড ১২০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৪৪৬ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন দুই জন। এ নিয়ে নাটোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯-এ।

নওগাঁ প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় করোনা আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে  জেলায় মৃত্যু হলো ৫৬ জনের। এছাড়াও একই সময়ে ১২৫ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদিকে করোনা পরিস্থিতির অবনতিতে জেলায় ১৫ দফা বিধিনিষেধ আজ থেকে আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদার এক নারী করোনা পজিটিভ নিয়ে সদর হাসপাতালে মারা গেছেন।