বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা চান বিএনপির এমপি হারুন

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৯

ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। গতকাল বুধবার সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ পাশের প্রক্রিয়ায় সময় এই দাবি জানিয়ে তিনি বলেন, দুই দিন আগে বোট ক্লাবে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে।

হারুন বলেন, নারীদের কর্মসংস্থান বেড়েছে। কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ? পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে, নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্যপান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম। রাজধানীতে কলেজছাত্রী মুনিয়ার মৃত্যু নিয়ে তিনি বলেন, মুনিয়া ব্যাভিচারের শিকার হলো। কারা করল? প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরতলার লোকজন এর সঙ্গে জড়িত। তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।

দুই ডোজ টিকা দিতে ১০ বছর লাগবে : বাবলা

এদিকে গতকাল সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমাদের দেশে সরকার করোনার টিকা প্রদানে যে পরিকল্পনার কথা বলেছে- তাতে দেশের ৮০ শতাংশ মানুষকে এক ডোজ টিকা দিতে পাঁচ বছর লাগবে। দুই ডোজ দিতে লাগবে ১০ বছর। এই পরিকল্পনায় এগোলে ১০ বছরে দেশের অর্থনীতি কী হবে বুঝতে পারছি না।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাবলা বলেন, শেখ হাসিনা আজ ওয়ার্ল্ড ক্লাস লিডার হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত। তার যোগ্য আর দৃঢ়চেতা নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রেও স্বাস্থ্যখাত পিছিয়ে আছে। এই বাস্তবতায় স্বাস্থ্যখাত বড় ধাক্কা সামলাতে পারবে না। আমি মনে করি, স্বাস্থ্যখাতে কমপক্ষে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দরকার।