ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইর সাপ্তাহিক লেনদেন তথ্য পর্যালোচনা করে দেখা যায় গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৭ দশমিক ১২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ৫ হাজার ১৭১ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৮২৭ কোটি ৭৪ লাখ ৪১ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৪৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা। গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৫০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৫ টি, কমেছে ২৩৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫ টি এবং লেনদেন হয়নি ২ টি কোম্পানির শেয়ার দর। গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৯ দশমিক ৭২ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ৪ হাজার ৬৩৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার টাকা।
সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। প্রথম এবং দ্বিতীয় স্থানসহ দশের মধ্যে মোট আটটি স্থান দখল করে রয়েছে কোম্পানিগুলো। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায় দর বৃদ্ধির শীর্ষে ছিলো প্রভাতি ইন্সুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্টাফলার্স, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।
