বাংলাদেশের একমাত্র সবুজ শ্যামল বিশ্ববিদ্যালয় বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কেই সবাই চেনে। কিন্তু রাবির সমস্যাও কম নয়। অভ্যন্তরীণ নানামুখী সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো ক্যামপাসের রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো। অটো, সাধারণ রিকশা, প্রাইভেট কার চলাচল করায় রাস্তাগুলো সব সময়ই সরগরম থাকে। কিন্তু অনেকেই বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে রাস্তাকে অনিরাপদ করে তুলছে প্রতিনিয়ত। এই মোটর বাইক চালকদের বেশিরভাগই বহিরাগত। তারা ক্যামপাসে বেপরোয়া হয়ে ওঠে—দেখা যায় শিক্ষার্থীর ভিড়ের মধ্যে জোরে হর্ন বাজিয়ে দ্রুত ড্রাইভ করে। এতে শিক্ষার্থীদের চলাচলে ব্যাঘাত ঘটে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়া বিচিত্র নয়। সুতরাং রাবি প্রশাসনের কাছে জোর আবেদন এই যে, বেপরোয়া মোটরসাইকেল চালানো প্রতিরোধকল্পে যথাযথ ব্যবস্থা নিন, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সৃষ্টি না হয়।
আবদুর রউফ সালাফী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
