কালো দিয়ে সাদাকে সহজেই মোছা যায়
কী যে অদ্ভুত রহস্য!
যেন ঈশ্বরের চোখে লুকানো সংকেত;
আমাদের গন্তব্য অনেক দূর...
যেতে হবে জোনাকির ক্ষীণ আলোর সময়ে
যতক্ষণ না সূর্য ঢেকে যায়,
সময়ের সদ্য ঢেউয়ে ভেসে যেতে হবে
স্রোতের উল্টো দিকে।
কালো রাহুগ্রাস, কৃষ্ণ আঁধারে বন্দি চোখ
শুধু জোনাকির ছিন্নমূল দেহ
নগরীর শূন্যছায়ালিপি ধ্বংস আর ধ্বংস
আমি বিস্ময়ে তাকাই
দ্বিধাকম্পমান ক্ষীণ জোনাকির আলো
এই হচ্ছে আমাদের বাঁচার উত্তরাধিকার
শাশ্বত চিরন্তন রূপ
একে নির্ভরশীল করে তুলো
পাবে নতুন এক জগতের সন্ধান।
