ক্যারিয়ারের শুরু থেকে বেছে বেছে কাজ করার চর্চাটা এখন অবধি ধরে রেখেছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। দর্শকপ্রিয়তায় কাজ করছেন নিজের ছন্দেই। সাম্প্রতিক কাজ’সহ শোবিজের নানা বিষয় নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল
বর্তমান কাজ সম্পর্কে জানতে চাই—
করোনার কারণে আপাতত কোনো কাজ করছি না। তবে গত মাসে দুটি সিরিয়ালের কাজ শেষ করেছি। এরমধ্যে বাবা থাকে বাসায় ধারাবাহিকটি প্রচার শুরু হয়েছে এবং অনিমেষ আইচের পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ শিরোনামের ধারাবাহিকটি শিগগিরই প্রচার শুরু হবে।
এক সময় পর্দায় আপনার সরব উপস্থিতি ছিল। কিন্তু হটাত্ অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। এর কারণ হিসেবে কী বলবেন?
এখন চ্যানেলসহ অন্যান্য প্রচার মাধ্যম বেড়ে যাওয়ায় কাজহ বেশি হচ্ছে বলে এমনটা মনে হচ্ছে। আগেও কাজ কম করেছি, এখনো তেমনই করছি। এছাড়া আরো একটি বিষয় হলো ক্যারিয়ারে এতদিন পর এসে যেমন তেমন কাজ করতে পারি না। আমার পছন্দের স্ক্রিপ্ট পেতে হবে, ভালো গল্প হতে হবে। আর এটা তো আমি প্রত্যাশা করতেই পারি!
বর্তমান ট্রেন্ড ‘ভিউ বাণিজ্য’ নিয়ে কী মন্তব্য করবেন?
ভিউ খারাপ নয়, তবে কোন কাজটির ভিউ হচ্ছে সেটাও দেখতে হবে। অনেক সময় ভালো কাজের ভিউ কম হয়, আবার খারাপ কাজের ভিউ বেশি হয়। কাজটি কতটা ভালো হয়েছে সেটা ভাবতে হবে। দর্শকরা একটি নাটক দেখে ভিউ কত হয়েছে সেটা বিচার করে না, কাজটি কতটা ভালো হয়েছে সেই মূল্যায়ন করে।
বর্তমানে কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে মানহীন কাজের পাল্লা ভারি হচ্ছে। এছাড়া নাটক আগের মতো প্রভাবও ফেলতে পারছে না। এর কারণ কী বলে মনে করেন?
ভালো কাজ হচ্ছে না, তা কিন্তু না। বলতে পারেন সংখ্যা বেড়েছে। সংখ্যা বাড়লে কিছু খারাপ কাজ হবেই। আর নাটক জনপ্রিয় হচ্ছে না, এ কথাও ঠিক না। আমরা কিন্তু অনেক নাটকই আলোচিত হতে দেখছি।
নিজেস্ব ঘরানার শিল্পীদের নিয়ে কাজ করার বিষয়টি কীভাবে দেখেন?
এটাকে আমি নেগেটিভ দৃষ্টিতে দেখি না। কোনো নির্মাতা বা শিল্পীর যদি কারো সঙ্গে বোঝাপড়া ভালো থাকে তাহলে তাকে নিয়ে কাজ করা সহজ হয়।
অনেকেই বলেন নাটক এখন সৃজনশীল মাধ্যম নেই, বাণিজ্যিক মাধ্যমে পরিণত হয়েছে। আপনি এ নিয়ে কী মন্তব্য করবেন?
বাণিজ্য তো সব কিছুতেই আছে। প্রযোজক যদি লগ্নি না পায় তো পরের কাজ করবে কীভাবে! তবে ব্যবসার সঙ্গে শিল্প থাকতে হবে। শিল্পসম্মতভাবে নির্মাণ করা করা হলে তাতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না।
ওটিটি মাধ্যমটির সমালোচনা প্রসঙ্গে কী বলবেন?
এটা আসলে প্রত্যেকের নিজেস্ব একটি বিষয়। তবে গল্পের প্রয়োজনে শিল্পসম্মতভাবে যেকোনো কিছু উপস্থাপন করা যেতেই পারে। আমাদের দেশের প্রেক্ষাপট বা সংস্কৃতির আলো অনেক ভালো কিছু এখানে দেখানো সম্ভব। এই মাধ্যমটিতে কাজের অনেক সুযোগ রয়েছে। এর সঠিক ব্যবহার আমাদের করতে হবে।
