মানসম্পন্ন শিখন ও পাঠদান চিত্তাকর্ষক করতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সরকারি একটি স্কুলের খুদে শিক্ষার্থীদের জন্য স্থাপিত বিজ্ঞান কক্ষ ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করা হয়েছে। শিক্ষা কর্মকর্তাসহ স্কুলটির শিক্ষক-কর্মচারী ও প্রাক্তন কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত আর্থিক সহয়তায় বিজ্ঞান উপকরণ ও যন্ত্র সজ্জিত বিজ্ঞান কক্ষটি সম্প্রতি চালু হয়। কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান বিজ্ঞান কক্ষ ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর উপজেলার বহুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান কক্ষটিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিষয়ভিত্তিক বিজ্ঞান উপকরণসহ রয়েছে পাঠদান সংশ্লিষ্ট বিজ্ঞানবিষয়ক নানা যন্ত্র। এসব উপকরণ ও যন্ত্রের মধ্যে ঋতু পরিবর্তন, মাটির বিভিন্ন স্তর, পানির উত্স, পরিবেশ, মেরুদণ্ড/অমেরুদণ্ড প্রাণী, কৃষি উত্পাদন, খাদ্য শৃঙ্খল, আদর্শ খাদ্য তালিকা, খাবারের উত্স, উদ্ভিদ ও প্রাণীর জীবন-জীবিকা, গ্রিন হাউজের প্রভাব-প্রতিক্রিয়া, আহ্নিক গতি/বার্ষিক গতিসহ বিজ্ঞান কক্ষে সংরক্ষিত যন্ত্র ও তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। এছাড়া মাইস্ক্রোসকোপ, দূরবীণ যন্ত্র, সৌর শক্তির ব্যবহার, বাতাস কাজে লাগিয়ে বিদ্যুত্ তৈরির যন্ত্র (উইন্ডমিল) ও মুক্তিযুদ্ধ বুক কর্নার ইত্যাদি রয়েছে বিজ্ঞান কক্ষে। পাঠ্য বইয়ের পাশাপাশি এ বিজ্ঞান কক্ষ ও প্রজেক্টরের সাহায্যে আনন্দদায়ক পরিবেশে শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক বাস্তব ধারণা লাভ করতে পারবে বলে শিক্ষকরা জানান। বিজ্ঞান কক্ষ ছাড়াও স্কুল ভবনের নিচতলার সিঁড়ির দুই পাশের দেওয়াল থেকে দোতলার বিজ্ঞানকক্ষ পর্যন্ত পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, জাতীয় চার নেতার ছবি, ৫২-এর ভাষা আন্দোলনের পটভূমিকা, মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টর কমান্ডারদের ছবি, ৭১-এর গণহত্যার অঙ্কিত ছবিসহ গ্যালারিতে মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য-চিত্র ফুটে উঠেছে।
স্কুলের প্রধান শিক্ষক আরজুয়ারা বেগম জানান, ১৯৩২ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রয়েছে ৪০৭ জন ছাত্রছাত্রী। বিজ্ঞান কক্ষটি এ প্রতিষ্ঠানের অনন্য দৃষ্টান্ত এবং প্রতিটি স্কুলেই এ ধরনের বিজ্ঞান কক্ষ চালুর ওপর তিনি গুরুত্বারোপ করেন। মিরপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন জানান, শিশুদের পাঠদান আনন্দদায়ক, বিজ্ঞানের বিভিন্ন যন্ত্র-উপকরণের সঙ্গে পরিচিতিসহ পাঠের উত্কর্ষসাধনে স্কুলটিতে বিজ্ঞান কক্ষ স্থাপন করা হয়েছে। বিজ্ঞান কক্ষটি ব্যবহারে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান লাভসহ দারুণভাবে উপকৃত হবে বলে তিনি জানান।
