কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার বেলা তিনটার দিকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গুরুদয়াল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গোলাম মেহেদীকে আটক করা হয়। সে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার গোলাম কিবরিয়ার পুত্র। তার পিতা মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে: কমান্ডার বিএন এম শোভন খান জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে ভুয়া প্রশ্নপত্র বিক্রির ফাঁদ পেতেছিল সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইতোমধ্যে দুইজনের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছে বলে স্বীকার করেছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
