ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে আলোচনায় আসা চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া ঢাকার অন্যান্য অভিজাত ক্লাবে পরীমনির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না—সে বিষয়ে ডিবি অনুসন্ধান করছে। এদিকে, ডিবি পুলিশের রিমান্ডে থাকা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। নাসির ও পরীমনি পূর্বপরিচিত এমনটা শোনা গেলেও পরীমনির সঙ্গে আগে থেকে পরিচয়ের ব্যাপারে ডিবির জিজ্ঞাসাবাদে কিছু স্বীকার করেননি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি ৭ জুন গভীর রাতে পরীমনি ঐ ক্লাবে গিয়েছেন, ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীকালে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এ নিয়ে কাজ করব।
বিরুলিয়ার বোট ক্লাবের ঘটনায় পরীমনির অভিযোগের সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বলে জানান সাংবাদিকরা। এ বিষয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি আরো বলেন, একটি মামলা হয়েছে ঢাকা জেলাতে। যেহেতু মামলাগুলো চলমান, পরীমনি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।
জানা গেছে, নাসির উদ্দিন মাহমুদ গুলশানের অল কমিউনিটি ক্লাবেরও সদস্য। এ বিষয়ে অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল বলেন, নাসির উদ্দিন মাহমুদ উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের ক্লাবেরও উনি সদস্য, কিন্তু উনি কখনো আসেন না। এখনও তিনি সদস্য পদে আছেন।
পরীমনি দাবি করেছেন, মূল ঘটনা থেকে নজর সরাতে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে। নাসির গ্রেফতার হওয়ায় এখন তার পক্ষ নিয়ে এসব অভিযোগ তোলা হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরা অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট আলমগীর বলেন, পরীমনির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আইনগত কোনো ব্যবস্থাও নেওয়া হবে না। সাংবাদিকরা জানতে চেয়েছেন তাই ব্যাখ্যা করেছি। ক্লাবের নিয়ম অনুযায়ী যে সদস্যের মাধ্যমে পরীমনি এসেছিলেন, সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
গত ৭ জুন রাত পৌনে ২টার দিকে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে।
