নরসিংদীতে আওয়ামী লীগের সভা শেষে প্রতিপক্ষের হামলা

আপডেট : ১৭ জুন ২০২১, ২২:৫৮

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা শেষে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করেছে। এ সময় দুই জন গুলিবিদ্ধসহ আট জন আহত হয়েছেন। গত বুধবার রাত ৮টায় মাধবদী পৌরসভার মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহত সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবুল কালামকে (৩০) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। জানা গেছে,               আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গত বুধবার বিকালে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হচ্ছিল রমণী কমিউনিটি সেন্টারে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক সভাস্থলে গিয়ে দেখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অন্য নেতাদের উপস্থিতিতে সভা চলছে। মোশারফ হোসেন মানিক ব্যানারে তার নাম না দেখে উপস্থিত নেতাকর্মীদের গালিগালাজ করে সভাস্থল ত্যাগ করেন। রাতে সভা শেষ করে মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াসহ ১০-১৫ জন নেতাকর্মী পৌরসভার মোড়ে এলে তাদের ওপর গুলিসহ অতর্কিত হামলা চালানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন বলেন, বর্তমান পৌর মেয়র মানিকের নেতৃত্বে তাদের ওপর গুলি করাসহ অতর্কিত হামলা চালানো হয়। এতে দুই জন গুলিবিদ্ধসহ আট জন নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

এদিকে পৌর মেয়র মোশারফ হোসেন মানিকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘সভা শেষে পৌরসভায় অবস্থান করার সময় জাকারিয়ার নেতৃত্বে ১০-১৫ জন পৌরসভার নিচে আমার লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েক জন আহত হন।’

 অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের পর আহতের সঠিক সংখ্যা বলা যাবে।