শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার ভার্চুয়াল প্রদর্শনী। ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২১ ‘বঙ্গবন্ধু-ইয়ুথ আর্ট কম্পিটিশিন’ শীর্ষক প্রতিযোগিতা থেকে নির্বাচিত ছবি নিয়ে গতকাল শুরু হয়েছে এই প্রদর্শনী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিওয়াইএফের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বসেছে এ প্রদর্শনী। বাংলাদেশ, এশিয়া এবং বিশ্বের অন্য দেশসমূহ এই তিনটি অঞ্চল থেকে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত ১০০টি শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী ভার্চুয়াল শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ইস্তাম্বুলভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আয়হান, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, যুব সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসনীয় নেতৃত্বের জন্য বাংলাদেশকে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করা হয়। ২৫ ডিসেম্বর ২০১৯ ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইস্তাম্বুলভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওয়াইএফ) এই ঘোষণা দেয়। ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ হিসেবে ঢাকাকে নির্বাচন করায় বিশ্বব্যাপী তরুণদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রতিযোগিতার আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্যাপনকে আরো সমৃদ্ধ করেছে।
ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্র ও অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের ১৮ থেকে ৩৫ বছর বয়সি মোট ৩৩৫ জন চারুশিল্পী প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ অঞ্চল, এশিয়া অঞ্চল, বিশ্বের অন্যান্য দেশ—এই তিনটি অঞ্চল থেকে চারটি মাধ্যমে প্রতিযোগিতায় ছবি পাঠান প্রতিযোগীরা। মাধ্যমগুলো হলো—সমসাময়িক, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি ও গ্রাফিক ডিজাইন। ছবি আঁকার বিষয় ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ, কোভিড মহামারি, উদ্বাস্তুদের জন্য মানবিকতা, তথ্যপ্রযুক্তিতে তারুণ্য, ইসলামি আর্ট এবং জলবায়ু পরিবর্তন।
তিনটি অঞ্চলের চারটি মাধ্যমে বাংলাদেশ থেকে ১২ জন এবং আইসিওয়াইএফ থেকে নির্বাচিত সাত জন বিচারক প্রদর্শনীর জন্য ১০০টি শিল্পকর্ম নির্বাচন এবং আঞ্চলিক পুরস্কার নির্বাচন করেন। তিনটি অঞ্চল থেকে চার মাধ্যমে ৩২টি আঞ্চলিক পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
প্রদর্শনী দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ওআইসির ওয়েবসাইটে ।
www.shilpakala.gov.bd, www.dhaka.oicyouthcapital.com
facebook.com/youthpowerhouse.bd, facebook.com/shilpakalapage
