হংকংয়ে পত্রিকা অফিসে চীনা পুলিশের অভিযান

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:১৭

হংকংয়ের গণতন্ত্রপন্থি সংবাদপত্র অ্যাপল ডেইলির পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে প্রধান সম্পাদকও আছেন। অ্যাপল ডেইলি চীনের নীতির কড়া সমালোচক। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের অফিসে পুলিশ পৌঁছে যায়। অফিসে ঢোকা-বেরনোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের ছবি তুলতে বা ভিডিও করতে নিষেধ করে দেওয়া হয়। অ্যাপল ডেইলি জানিয়েছে, তাদের প্রধান সম্পাদক রায়ান ল, সিইও চেউং কিমহাং, সিওও চাউ তাত-কুয়েন, ডেপুটি চিফ এডিটর চান পুইমান ও চিফ এক্সিকিউটিভ এডিটর চি-ওয়াইকে গ্রেফতার করা হয়েছে। হংকং সরকার জানিয়েছে, জাতীয় সুরক্ষা বিভাগ তাদের গ্রেফতার করেছে। তারা বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছেন বলে অভিযোগ। সরকার জানিয়েছে, চারজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ৪৭ থেকে ৬৩-র মধ্যে। এর বাইরে সরকার আর কোনো তথ্য দেয়নি। অ্যাপল ডেইলিতে পুলিশি অভিযান ফেসবুকে লাইভ দেখানো হয়। পুলিশ এই পত্রিকা অফিসকে অপরাধের কেন্দ্র বলে উল্লেখ করেছে। —ডয়চেভেলে