সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
শনিবার ভোররাতে সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বাছিরন নেছা। তিনি ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে বলেও জানান তিনি।
