ফাইনালে বৃষ্টির থাবা

আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:৫৪

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তবে বৃষ্টির বাধায় ম্যাচটি এখনও শুরুই হতে পারেনি।

ইংল্যান্ডের সাউদাম্পটনে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল ৪টায়। তবে প্রবল বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ৩ ঘন্টা পার হলেও শুরু হয়নি ম্যাচ। এমনকি করা যায়নি টসও। 

তবে জানা গেছে, প্রায় আধাঘন্টা বৃষ্টি বন্ধ আছে। ফলে যেকোন সময়ে হতে পারে। শুরু হতে পারে খেলা।

প্রথমবারের মতো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজন করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে মুখোমুখি আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ দুই দল নিউজিল্যান্ড ও ভারত। 

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেট মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও, ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন কিছুসংখ্যক দর্শক। 

এর আগে এক সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমরা সন্তুষ্ট যে ফাইনালে পৌঁছুতে পেরেছি। ছেলেরা নিজেদেরকে প্রমাণ করেছে। খুব ভালো লাগছে যে, মাঠে কিছু দর্শকও থাকবে। কারণ দর্শক ছাড়া ফাইনাল ম্যাচের আনন্দটা সেভাবে পাওয়া যায়না। 

টেস্টের শীর্ষ দুই দলের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচটাতে নজর থাকবে সময়ের সেরা দুই টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনের দিকেও।

ইত্তেফাক/এএএন