স্পোর্টস রিপোর্টার
ডি ভিলিয়ার্স এসে পড়ায় চট্টগ্রাম পর্বে তার সুযোগই হয়নি। এমনকি অ্যালেক্স হেলসের ইনজুরি বিষয়ক জটিলতা না থাকলে হয়তো এই ম্যাচটাই খেলা হয় না রবি বোপারার। নিতান্তই ভাগ্যক্রমে সুযোগ হয়েছিল ইংলিশ এই ক্রিকেটারের। আর রংপুর রাইডার্সের হয়ে লম্বা সময় বাদে খেলতে নেমেই নায়ক তিনি। তার বোলিং দাপটে গতকাল নয় উইকেটের বিশাল ব্যবধানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। আর এই জয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো রংপুর রাইডার্স। ১২টি ম্যাচে আট জয়ে তাদের পয়েন্ট হলো ১৬। সমানসংখ্যক ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্টও ১৬। যদিও রান রেটে এগিয়ে থাকার সবার ওপরে থাকছে রংপুরের নামই। ফলে এই দুটি দলই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। আগামীকাল, চার ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গতকাল মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই শুরু হয় কুমিল্লার বিপদ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই নাহিদুল ইসলামের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। এরপর আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি দলটি। ফলাফল, তিন ওভার তিন বল বাকি থাকতে মাত্র ৭২ রানেই অল আউট হয়ে যায় দলটি।
এখানে সবচেয়ে বড় ভূমিকা রবি বোপারার। মাত্র সাত রান হজম করে তিন ওভারে তিনি নিয়েছেন তিনটি উইকেট। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। দুটি করে উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও নাহিদুল ইসলাম। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি মিতব্যায়ী বোলিংয়ে নিয়েছেন এক উইকেট। কুমিল্লার ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। এর মধ্যে জিয়াউর রহমান ২১, ইংলিশ ক্রিকেটার লিয়াম ডওসন ১৮ ও শামসুর রহমান শুভ ১২ রান করেন।
জবাব দিতে নেমে নয় রানে প্রথম উইকেট হারায় রংপুর। তখন দ্বিতীয় ওভারের খেলা চলছে। মাত্র পাঁচ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার মেহেদী মারুফ। তাকে সাজঘরে ফেরান বাঁহাতি অফস্পিনার সঞ্জিত সাহা। বাকিটা সময় দুই ব্যাটিং দানব ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্স কোনো বিপদ আসতে দেননি। ফলে, মাত্র নয় ওভার তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। গেইল ৩৫ ও ভিলিয়ার্স ৩৪ রান করে অপরাজিত থাকেন। গেইলের ৩০ বলের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তবে, গেইলের চেয়ে বেশি বিধ্বংসি ছিলেন ভিলিয়ার্স। তার ২২ বলের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
টস: কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.৩ ওভারে ৭২ অলআউট (জিয়াউর ২১, ডওসন ১৮, শুভ ১২; বোপারা ৩/৭, নাহিদুল ২/৯, মাশরাফি ২/১৮)
রংপুর রাইডার্স: ৯.৩ ওভারে ৭৬/১ (গেইল ৩৫, ভিলিয়ার্স ৩৪; সঞ্জিত ১/৩২)
ফলাফল: নয় উইকেটে জয়ী রংপুর রাইডার্স
ম্যাচ সেরা: রবি বোপারা (রংপুর রাইডার্স)
