নির্যাতনের অভিযোগে সাবেক এটর্নি জেনারেলের পুত্রবধূর মামলা

আপডেট : ১৮ জুন ২০২১, ২২:০১

পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে ১০ দিনের শিশুসন্তানকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেছেন পুত্রবধূ মাধুরী আক্তার নীলা। আবেদনে সন্তানের অধিকার ফিরে পাওয়ারও দাবি জানান তিনি। এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, বুধবার মামলা হয়েছে, প্রাথমিক খোঁজখবর নিচ্ছি। প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় মাধুরী আক্তার নীলা অভিযোগ করেন, স্বামী মুয়াজ আরিফ, শ্বশুর হাসান আরিফ, শাশুড়ি পারভিন আরিফ ও উম্মে হানি বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তার নামে মিথ্যা মামলা দিয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জেল খাটিয়েছেন। তার দুই বছরের কন্যাসন্তানকে আটকে রেখে নির্যাতন করেছে। তাকে তার ১০ দিন বয়সের দ্বিতীয় কন্যাসন্তান নিয়ে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অভিযোগে আরো বলা হয়, ইতিপূর্বে তার পেটে লাথি মেরে তিন মাসের একটি বাচ্চা মেরে ফেলায় তাকে ডিএমসি করতে হয়। নির্যাতন করে তার চুল কেটে দিয়েছে। তার গাড়িসহ সব কিছু আটকে রেখেছে। সিম মোবাইল ফোন ও ফেসবুক আইডি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

মাধুরী আক্তার নীলা বলেন, বিয়ের পর জানতে পারেন মুয়াজ অ্যালকোহল গ্রহণ করে ও বিভিন্ন নারীর সঙ্গে মেলামেশা করে। এসব ঘটনা শ্বশুরকে জানালে তিনি বলেন ও রিহাভ থেকে বের হোক, এরপর সিদ্ধান্ত নিও। তাদের কথামতো সংসার করতে থাকি। কিন্তু এক দিন মিথ্যা মামলা দিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কারাগারে পাঠায়। ৬ই জুন কারাগারে থাকা অবস্থায় তার দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয়। ৭ জুন জামিনে বের হলেও তাকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি।