অটোরিকশা চালকদের নিবন্ধন বাস্তবায়নের দাবি

আপডেট : ১৮ জুন ২০২১, ২২:১০

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী অটোরিকশা চালকদের নিবন্ধন বাস্তবায়ন করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হচ্ছে—নামমাত্র সরল সুদে চালকদের সিএনজি অটোরিকশা কেনার জন্য দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ দিতে হবে। ঋণের ৫০ শতাংশ টাকা সরকারকে ভর্তুকি দিতে হবে। চালক ছাড়া ব্যক্তি-মালিকানায় সিএনজি অটোরিকশার নিবন্ধন (ব্লু-বুক) প্রদান করা চলবে না। ঢাকা মেট্রোতে সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৫০০ টাকা ও অন্যান্য জেলার ক্ষেত্রে ৩০০ টাকা করতে হবে।  ‘ইয়েস পার্কিং’ না দেওয়া পর্যন্ত ‘নো পার্কিং’ মামলা ও মিটার মামলা দেওয়া যাবে না। বর্তমান সিএনজি মালিকদের চালকদের নিয়োগপত্র দিতে হবে। নতুন লাইসেন্স প্রধান ও পুরোনো লাইসেন্স নবায়ন করতে সহজ শর্তে ও অল্প অর্থে প্রদান করতে হবে।  মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে। সড়কের খানাখন্দ রিপিয়ারিং করে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার এবং শাখা সড়কে (অ্যাপ্রোচ) অ্যারো চিহ্ন দৃশ্যমান রঙে রঙিন করতে হবে এবং দেশের সব সেতুতে টোল ৫০ শতাংশ করতে হবে।