তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব শুরু

আপডেট : ১৯ জুন ২০২১, ০০:২১

দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়নে শিল্পকলা একাডেমির আয়োজনে “তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব ২০২১” শুরু হলো। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনকে আট দিনব্যাপী এই উত্সবটি উত্সর্গ করা হয়েছে। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির ফেসবুক থেকে ভার্চুয়াল এই উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াত্, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিভাত রেজা চৌধুরী, সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তৃতা করেন একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম। ২৫ জুন শেষ হবে আট দিনের এই উত্সব।

সারা দেশের চলচ্চিত্র নির্মাতাদের ৮১টি কাহিনী চলচ্চিত্র ও ৩৮টি প্রামাণ্য চলচ্চিত্র এবারের উত্সবে প্রদর্শিত হচ্ছে।

শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে (www.facebook.com/shilpakalapage)  উত্সবের ছবিগুলো দেখা যাবে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

এবারের উত্সবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে দুইটি বিভাগে (কাহিনি ও প্রামাণ্য) শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি শাখায় মোট সাতটি পুরস্কার এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় আরো চারটি পুরস্কার দেওয়া হবে।

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে সাতটি বিভাগে পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হবে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ২৫ হাজার, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ এবং বিশেষ জুরি পুরস্কার ৫০ হাজার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ২৫ হাজার, শ্রেষ্ঠ সম্পাদনা ২৫ হাজার, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ২৫ হাজার, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।