বাংলাদেশ ২০২২-২০২৪ মেয়াদে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার রোমে ১৮৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে চলমান ৪২তম এফএও কনফারেন্সে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ সদস্যপদ অর্জন করে।
এর মাধ্যমে বাংলাদেশ অন্যান্য কাউন্সিল সদস্য রাষ্ট্রের সঙ্গে নীতি ও নির্বাহী পর্যায়ে এফএওর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে নেতৃত্ব দেবে। সমর্থন আদায়ে রোমস্থ বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এমন এক সময় এই সদস্যপদ লাভ করল যখন ঢাকায় ৩৬তম এশিয়-প্রশান্ত মহাসাগরীয় এফএও আঞ্চলিক সম্মেলন (এপিআরসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বারের মতো বাংলাদেশে আগামী বছর ৮ থেকে ১১ মার্চ অনুষ্ঠিতব্য এ সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। যেখানে ৪৬টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
রোমের এফএও সদর দপ্তরে ভার্চুয়াল প্ল্যাটফরমে চলমান এফএও কনফারেন্সে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আট সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এতে অন্যান্যের মধ্যে আছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও এফএওতে স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান।
খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে প্রচেষ্টা চালায়।
