পাকিস্তানের টানা হার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

স্পোর্টস রিপোর্টার

শেষ ওভার অবধি লড়াই করেও নিজেদের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারলো না পাকিস্তান। আবারো দক্ষিণ আফ্রিকার সামনে আত্মসমর্পণ করতে হলো তাদের। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দলটি হেরে গেল ছয় রানে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আজ রবিবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

টসে হেরে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে প্রোটিয়ারা করে ১৯২ রান। উসমান শিনওয়ারি নেন তিন উইকেট। জবাব দিতে নেমে ২০ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৮৬ রান।  অধিনায়ক শোয়েব মালিক করেন সর্বোচ্চ ৪৯ রান। এছাড়া হাসান তালাত ৪০ ও বাবর আজম ৩৮ রান করেন। পাকিস্তানের লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারলে হয়তো ম্যাচের ফলাফলটা ভিন্নরকম হতে পারতো।

ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। যদিও, মজার ব্যাপার হলো কেপ টাউনে কিলার মিলার খ্যাত এই ব্যাটসম্যান ১২ বল খেলে করেছেন মাত্র ১০ রান। তারপরও কি করে তিনি ম্যাচ সেরার খেতাব পান? কারণটা হল তার ফিল্ডিং। এদিন যেন মিলারের ওপর স্বয়ং জন্টি রোডস এসে ভর করেছিলেন। চারটা ক্যাচ ধরেছেন, সাথে রান আউট করেছেন দু’টো। তাই অধিনায়ক ফাফ ডু প্লেসির ৭৮ ও রিজা হেনড্রিকসের ৭৪ রানের ইনিংস থাকার পরও ম্যাচ সেরা নির্ধারণে দু’বার ভাবতে হয়নি দায়িত্বপ্রাপ্তদের।

সংক্ষিপ্ত স্কোর

টস:  পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯২/৬ (রিজা হেনড্রিকস ৭৪, ক্লোটি ১৩, ডু প্লেসি ৭৮, ফন ডার ডাসেন ০, মিলার ১০, মরিস ১, ক্লাসেন ৫*, ফেহলুকওয়াও ৫*; মালিক ০/১২, ওয়াসিম ১/২৩, হাসান ১/৩৪, আশরাফ ১/৩৬, শাদাব ০/৩৮, উসমান ৩/৩১, তালাত ০/১৪)

পাকিস্তান: ২০ ওভারে ১৮৬/৯ (ফখর ৪, বাবর ৩৮, তালাত ৪০, মালিক ৪৯, আসিফ ১৩, ওয়াসিম ৪, আশরাফ ৮, রিজওয়ান ২, হাসান ১১, শাদাব ৭*, উসমান ০*; বিউরান হেনড্রিকস ২/৪০, ডালা ০/৪৪, মরিস ২/৩৯, ফেহলুকওয়াও ১/২৭, শামসি ২/৩৩)

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী

ম্যাচ সেরা: ডেভিড মিলার (দক্ষিণ আফিকা)

সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।