স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের লিগ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। একদিন বিরতি দিয়ে আগামীকাল থেকে শুরু হবে প্লে-অফের লড়াই।
বিপিএলের এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে ম্যাচের আগের দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এ ছাড়া অনলাইনে সহজ ডটকম এবং ইউক্যাশের মাধ্যমেও টিকিট কিনতে পারবে দর্শকরা।
আগামী ৪ ফেব্রুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সেদিন এক টিকিকে দুটি ম্যাচ দেখতে পাবেন দর্শকরা। যেখানে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা, ছাউনিযুক্ত গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ৭০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে ৪ হাজার টাকা লাগবে। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাধারণ গ্যালারি ১০০ টাকা, ছাউনিযুক্ত গ্যালারি ১৫০ টাকা, ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ৩০০ টাকা, আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা।
৮ ফেব্রুয়ারি ফাইনালে সাধারণ গ্যালারি ৪০০ টাকা, ছাউনিযুক্ত গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ১ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ৪ হাজার টাকায়।
