দেশের উন্নয়ন-অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না : তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৩১

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ সাহায্যগ্রহীতা থেকে এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে। দেশের এ উন্নয়ন-অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা নানামুখী ষড়যন্ত্র করছে। গতকাল শনিবার দুপুরে  জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ড. হাছান বলেন, ‘দেশের মানুষকে করোনা মহামারি থেকে রক্ষাকল্পে সরকারের টিকা সংগ্রহের কাজের শুরু থেকেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে যখন দেশে এসেছিলেন, সে সময় তিনি যেন দেশে না আসতে পারেন সেজন্য জিয়াউর রহমান ও তার সরকার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, এমনকি দেশে এলেও যাতে জনসমাগম না হয়, সেজন্যও প্রতিবন্ধকতা তৈরি করেছিল।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন টয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, জিন্নাত আলী খান জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

ড. হাছান মাহমুদ এদিন সকালে ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ অনলাইনে বক্তব্য রাখেন।