সড়ক দুর্ঘটনায় ধানমন্ডিতে কনস্টেবল ও গুলশানে নারী নিহত

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

ধানমন্ডিতে গাড়িচাপায় বশির উদ্দিন তালুকদার (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। অপরদিকে গুলশানে বাসের ধাক্কায় শেখ ফৌজিয়া (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে এই দুইটি দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার এসআই পলাশ বিশ্বাস বলেন, কনস্টেবল বশির হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন। শুক্রবার রাত ১২টার দিকে মেরামত করা ফ্যানটি বাইসাইকেলে নিয়ে মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি-৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনে অজ্ঞাত গাড়ি তাকে চাপা  দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গুলশানের প্রগতি সরনির সুবাস্তু নজরভ্যালীর বিপরীতপাশে বাসের ধাক্কায় শেখ ফৌজিয়া (৪৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে আনিসা (১৬)। শুক্রবার রাত ১০ দিকে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস ফৌজিয়া ও তার মেয়েকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফৌজিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় আনিসাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পথচারীরা। পুলিশ যাত্রীবাহী বাসটি জব্দ করেছে।