তানোরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

তানোর (রাজশাহী) সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তানোর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন। মনোনয়নের জন্য দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যে মাঠ থেকে কেন্দ্রীয় পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সমপ্রতি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিন পদের বিপরীতে আওয়ামী লীগের ২২ প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১১ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) চারজনসহ সর্বমোট ২২ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্র যাচাই-বাছাই করে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে তিনটি পদের জন্য তিনজন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপির চেয়ারম্যান লুত্ফর হায়দার রশিদ ময়না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা সৈনিকলীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, মুন্ডুমালা পৌর যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াজির হাসান সরকার প্রতাপ, উপজেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, পাঁচন্দর ইউনিয়ন সৈনিকলীগ সভাপতি সাদেকুল ইসলাম, কামারগাঁ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নির্মল কুমার সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক, উপজেলা সৈনিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মুকুল ও তানোর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দনা রাণী প্রামাণিক, উপজেলা মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, তানোর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মোমেনা আহম্মেদ ও রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তারি জাহান লাভলী। রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল বলেন, তানোর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বায়োডাটা জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্য থেকে তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হবে।