ভূঁইশ্বর-লোপাড়া সড়ক বেহাল

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের ১৪ কিলোমিটারের মধ্যে ১২ কিলোমিটার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে গত বছর। এরপরই বানের পানিতে সড়কটি তলিয়ে যায়। কিন্তু অবশিষ্ট দুই কিলোমিটার সড়কে (ভূঁইশ্বর-লোপাড়া) এখনো লাগেনি সংস্কারের ছোঁয়া। অগণিত খানাখন্দ, সরুপথ আর ধুলাবালিতে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায়। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ‘উপজেলা আইনশৃঙ্খলা সভায় সড়ক সংস্কারের ব্যাপারে অনেক বার বলেছি।’ সরাইল উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াছমীন বলেন, ‘অনেক দিন ধরেই সড়ক সংস্কারের কথা বলা হচ্ছে। জুন মাসের মধ্যেই সংস্কার কাজের দরপত্র আহ্বান করার সম্ভাবনা রয়েছে।’