ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
করোনা পরিস্থিতিতে আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা ঈদুল আজহার ছুটির পর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সশরীরে নাকি অনলাইনে এ বিষয়ে স্ব স্ব বিভাগ তাদের একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নেবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১২০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে স্নাতকোত্তর সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে। কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন সার্বিক বিষয়ে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে ঈদুল আজহার ছুটির এক সপ্তাহ পর পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কোনো বিভাগ একই সময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবে না। এ ক্ষেত্রে প্রত্যেক বিভাগকে অবশ্যই করোনা সংক্রান্ত বিধিনিষেধ পালন করতে হবে।
