ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ভারী বৃষ্টিতে ঈশ্বরদীর জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিরতিহীন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঘরের বাইরে বের হওয়ার উপায় নেই। দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে বেকায়দায় পড়েছেন। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। কয়েকটি এলাকায় রাস্তাঘাট, ঘর এবং বিভিন্ন সবজির খেতে পানি ঢুকে পড়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আকাশ মেঘলা থাকার কারণে আরো দুই-তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪ থেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয় তাকে হালকা বৃষ্টি বলে। ১০ থেকে ১২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে অতি ভারী বৃষ্টিপাত ধরা হয়। উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ জানান, পটোল, ঝিঙে, কাকরোল, বেগুন, পুঁইশাক, মিষ্টিকুমড়া, চালকুমড়ার জমিতে পানি ঢুকে পড়েছে। এক-দুই দিনের মধ্যে পানি নেমে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে বৃষ্টি অব্যাহত থাকলে এবং পানি বেশিদিন জমে থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
