কেন্দুয়ায় আওয়ামী লীগের তিন প্রার্থী চূড়ান্ত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৮

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীকে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ তিন প্রার্থীকে চূড়ান্ত করা হয়। চূড়ান্ত প্রার্থীরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী।

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভুঁইয়া, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী, রোয়াইল বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু, চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবীর খানসহ তৃণমূল আওয়ামী লীগের নেতারা।

সভায় চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় সভায় উপস্থিত তৃণমূল নেতাদের আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আটজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে চূড়ান্ত তিন প্রার্থীর নাম জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই তিনজনের মধ্য থেকে একজনকে কেন্দ্রীয়ভাবে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন।