৭ দফা দাবিতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:১৫

বরিশালে শিক্ষা জাতীয়করণ করাসহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল কমিটি। শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও উত্সব ভাতা, চিকিত্সা ভাতা প্রদান, বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে। এছাড়াও জনবল কাঠামো বৃদ্ধি করাসহ অভিজ্ঞ শিক্ষকদের মতামত গ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষা বাজেট বৃদ্ধিসহ ৭ দফা দাবি জানানো হয়।

বরিশাল আঞ্চলিক কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ক ম মিজানুর রহমান, জেলা আঞ্চলিক কমিটির সদস্যসচিব অধ্যক্ষ মসিউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদার, বরিশাল আঞ্চলিক কমিটির সহসভাপতি আনিচুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আনায়ারুল হক, মহানগর সভাপতি অধ্যাপক আ. ছালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, সহ-সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শোয়েবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়।