অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত ওরা

আপডেট : ২০ জুন ২০২১, ০০:১৪

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘সেভেন স্টার’ ও ‘রবিন হুড’ গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তারা হলো :রাব্বী আহমেদ, মো. নাঈম আহমেদ, মো. আকাশ, মো. নয়ন হাওলাদার, মো. ইমন, মো. সৈকত শেখ, মো. তুষার হাওলাদার, মো. রবিউল ইসলাম, মো. আরিফ ও মো. হাসান। গতকাল শনিবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব সাংবাদিকদের এই তথ্য জানান।

র্যাব কর্মকর্তা বলেন, তারা স্থানীয় কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের সদস্য। বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে। এরপর আশেপাশে কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এমন অভিযোগে শ্যামপুর থানাধীন দোলাইরপাড় সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি সুইচ গিয়ার চাকু, তিনটি ছুরি, আটটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

র্যাবের জিজ্ঞাসাবাদে কিশোর অপরাধীরা স্বীকার করে জানিয়েছে, তারা ডাকাতি ও ছিনতাই ছাড়াও মাদক সেবন, মাদকের কারবার, চাঁদাবাজি, নারীদের উত্ত্যক্ত , পাড়া-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমিতে গিয়ে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করত। এ ছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাইওভারের ওপর বিভিন্ন সময় যানবাহন থামিয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টিসহ ছিনতাই, রাহাজানির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।