ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা গায়েবের ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শনিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এ ঘটনায় আটক হওয়া দুই জনকে মামলায় আসামি করা হয়েছে। আসামিরা হলেন, ঢাকা ব্যাংক লিমিটেডের এফভিপি ও বংশাল শাখার ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ ও সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক।
দুদক সূত্র জানায়, গত বৃহস্পতিবার ব্যাংক শাখাটির ইন্টারনাল অডিটে এই টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ব্যাংকের নিয়মানুযায়ী পুলিশের কাছে অভিযোগ করা হয়। ব্যাংকের ম্যানেজার তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে অডিট টিমের সহায়তায় ব্যাংকটির সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন এমরান আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গত শুক্রবার তাদের আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পুলিশের উপপরিদর্শক প্রদীপ কুমার সরকার আদালতের কাছে তাদের আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
