হোমনায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেকে প্রার্থী ঘোষণা করে প্রচার-প্রচারণা শুরু করেছেন। তবে এসব প্রচারণা চালানো বেশিরভাগ প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের। দুই একজন অন্য দলের হলেও বিএনপি-জামায়াতের কোনো সম্ভাব্য প্রার্থীকে এখনো প্রচারণা চালাতে দেখা যায়নি।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান জানান, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মী আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় সভায় সাক্ষাত্কার দিয়েছেন। এরা হলেন: আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের স্ত্রী রেহানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সিদ্দিকুর রহমান আবুল, সহ-সভাপতি  খন্দকার শাহআলম, ফজলুল হক মোল্লা, হাবিবুর রহমান, সদস্য হাজী রুস্তম আলম স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহিদউল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার নজরুল ইসলাম, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সভাপতি সিরাজুল টম সুডেন ও পর্তুগাল আওয়ামী লীগ নেতা মুহসিন হাবিব ভূইয়া। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন: জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মুহসিন সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিপু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব খন্দকার, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন মোসলেম। মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন: উপজেলা মহিলা লীগের সভাপতি রিনা আমির, সাংগঠনিক সম্পাদক হাসিনা রহমান, পৌর মহিলা লীগের সেক্রেটারি শাহিনুর আক্তার, উপজেলা মহিলা লীগের সদস্য অ্যাডভোকেট হালিমা বেগম ও উপজেলা মহিলা লীগের সদস্য সাহিদা বেগম।  এছাড়াও মহাজোটের আরেক শরীক দল উপজেলা জাপার সভাপতি ইসমাইল হোসেন সিরাজী ও ইসলামী ফ্রন্টের হোমনা পৌর সেক্রেটারী মাওলানা আবদুস সালাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে উপজেলা বিএনপির সেক্রেটারি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, বিএনপি নির্বাচনে গেলে তিনি আবারো প্রার্থী হবেন। দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি কিছুই করবেন না।