পাঁচ মিনিটের ব্যবধানে দুইটি আলাদা কোম্পানির করোনা টিকা দেওয়া হয়েছে ভারতের বিহারের সুনীলা দেবীকে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকদের একটি দল। ভারতের নিয়ম অনুযায়ী, দুই টিকার মধ্যে সময়ের ব্যবধান তিন থেকে চার মাস হতে হবে। অত কম সময়ের মধ্যে ভিন্ন টিকা শরীরে প্রবেশ করার পরও ওই মহিলা কীভাবে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন, তা দেখে রীতিমতো বিস্মিত চিকিৎসকরা। শনিবার (১৯ জুন) এসব জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে পাটনার পুনপুন ব্লকের কাছে একটি গ্রামে। সংবাদমাধ্যমে সুনীলা দেবী জানান, গত ১৬ জুন বেলদারিচকের একটি টিকাকেন্দ্রে টিকা নিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে প্রথমে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর সুনীলা দেবীকে পর্যবেক্ষণ কক্ষে অপেক্ষা করতে বলা হয়। তিনি বলেন, ‘পর্যবেক্ষণ কক্ষে অপেক্ষা করছিলাম। ৫ মিনিটের মধ্যেই এক স্বাস্থ্যকর্মী এসে বলেন, আবার টিকা নিতে হবে। আমি বললাম যে আমায় টিকা দেওয়া হয়েছে। তার পরেও উনি আমায় বললেন, ‘আগের টিকা যে হাতে দেওয়া হয়েছে, সেই হাতেই আবার একটি টিকা দেওয়া হবে'।
জানা গিয়েছে, চঞ্চলা দেবী এবং সুনীতা কুমারী নামে দুই নার্স সুনীলা দেবীকে টিকা দিয়েছিলেন। কেনো পাঁচ মিনিটের ব্যবধানে ওই মহিলাকে দুইটি ভিন্ন টিকা দেওয়া হল, তার জবাব চেয়ে দুই নার্সকে শোকজ নোটিশও ধরানো হয়েছে, জানিয়েছেন পুনপুনের ব্লক উন্নয়ন কর্মকর্তা শৈলেশ কুমার। সুনীলা দেবীকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএ
