বঙ্গোপসাগরে অপহূত ১০ জেলে ছাড়া পেয়েছেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫২

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

আট দিনের জিম্মি দশা থেকে মুক্ত হয়েছেন বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া উপকূল থেকে অপহূত ১০ জেলে। বনদস্যু মামা-ভাগ্নে গ্রুপ শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের অজ্ঞাত স্থানে জেলেদের ছেড়ে দিয়েছে।

শনিবার বিকালে দুবলা ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জেলেদের মুক্তির খবর নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন এলাকায় মুক্তিপণ ছাড়াই দস্যুরা জেলেদেরকে ছেড়ে দেয়ার পর ওই রাতেই তারা রামপালের নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। জেলেরা বনের ওই স্থানটির নাম বলতে পারেনি। তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।  গত ২৫ জানুয়ারি দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লির একটি জেলেবহর বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া উপকূলে মাছ আহরণ করার সময় দস্যু ‘মামা-ভাগ্নে’ গ্রুপ ১০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদের মাধ্যমে জেলেদের ছেড়ে দেয়ার খবর পেয়েছেন।