পৃথিবীর সব সন্তানের নিরাপদ আশ্রয় তার বাবা। বাবার কোলে-পিঠে চড়েই তো বেড়ে ওঠে সন্তান। সন্তানদের কণ্ঠে তাই বাবার প্রশংসাবাণীই ঝরে সবসময়।
তবে ব্যতিক্রমও আছে। সব বাবাই আদর্শ বাবা হয়ে উঠতে পারেন না। এই যেমন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার মেম্ফিস ডিপের কাছে বাবা শব্দটা দুঃসহ যন্ত্রণার। এমনকি বাবার নামটাও নিতে চান না তিনি।

ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওঁ ছেড়ে সদ্যই বার্সেলোনায় যোগ দিয়েছেন মেম্ফিস। ডাচ দলের নিয়মিত সদস্য তিনি, খেলছেন ইউরো চ্যাম্পিয়নশিপে।
জানা গেছে, মেম্ফিসের বাবা ডেনিশ ডিপে ছিলেন আফ্রিকান দেশ ঘানার নাগরিক। অন্যদিকে তার মা ছিলেন ডাচ। মেম্ফিসের বয়স যখন ৪ তখন তার বাবা ছেড়ে যান তাদেরকে। এরপর আর কখনো খোঁজ নেননি বলে দাবি করেন মেম্ফিস।
বাবার প্রতি তার ক্ষোভ এতটাই যে, নিজের নাম থেকে বাবার সূত্রে পাওয়া ডিপে নামটা মুছে ফেলতে চান তিনি। তাই তো জার্সির পেছনে সবসময় লেখা থাকে মেম্ফিস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড নিজেই।
তবে মেম্ফিসের অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা ডেনিশ ডিপে। ৫ বছর আগেই গণমাধ্যমে তিনি দাবি করেন, স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পরও মেম্ফিসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।

ডেনিশ বলেন, সে কেন এ ধরণের মিথ্যা কথা বলে বেড়ায় আমি জানিনা। আমি সবসময়ই তার সঙ্গে যোগাযোগ করতাম। তার হাতে প্রথম ফুটবলটা আমিই তুলে দিয়েছিলাম। নিয়মিত তাদের জন্য টাকা পাঠাতাম। আমি শুনেছি সে আমার নামটাও নাকি নিতে চায় না, যেটি সম্পূর্ণ মিথ্যা কথা।

গেল বছর অবশ্য বাবার সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মেম্ফিস ডিপে।
ইত্তেফাক/এএএন
