এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাবের আদান-প্রদান করে থাকি। ফেসবুক নিতান্তই সামাজিক যোগাযোগের একটি মাধ্যম, কিন্তু মাঝেমধ্যে এই মিডিয়াও অস্বস্তিকর হয়ে ওঠে। আগে বখাটে ছেলেরা রাস্তাঘাটে, স্কুল-কলেজের রাস্তার সামনে এসে মেয়েদের উত্ত্যক্ত করত, অশালীন কথাবার্তা বলত। কিন্তু এখন তারা রাস্তাঘাটের পরিবর্তে বখাটেরা এখন ইভটিজিংয়ের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে মোবাইল ফোন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে অশালীন ছবি ও কথাবার্তা। ফেসবুক মেসেনজারে একের পর এক মেসেজ ও কল দিয়ে বিরক্ত করে। তাদের মেসেজ এর কোনো উত্তর না দিলেও তারা মেসেজ দিতেই থাকে। কিছু কিছু মানুষকে সামাজিক ভদ্রতার আর শ্রদ্ধার কারণে ব্লক করা যায় না। দিন এর পর দিন তাদের সহ্য করা লাগে। আর কিছু কিছু মানুষ আছে যাদের ব্লক করলেও তাদের কবল থেকে মুক্তি পাওয়া যায় না। একটি আইডি ব্লক করলে একের পর এক ফেইক আইডি খুলে নানা রকম অশালীন মেসেজ ও ছবি পাঠাতে থাকে। শুধু তা-ই না, মাঝেমধ্যে হুমকিরও শিকার হতে হয়। আজকাল মেয়েরা কোথাও যেন নিরাপদ নয়। নিজের ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাবে, নতুন কিছু শিখবে, সেখানেও এত উত্ত্যক্ত ও হুমকির সম্মুখীন হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় নারী-হেনস্থা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
তাহমিনা আক্তার জলি
গৌরিপুর সরকারি কলেজ, ময়মনসিংহ
