হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা-গৌরিপুর সড়কের হোমনা ওভারব্রিজ থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে যাতায়াতের অনুুপযোগী হয়ে পড়েছে। হোমনা সদরের কয়েক জন যানচালক গত বৃহস্পতিবার বিকালে নিজ উদ্যোগে এর ওপর কাঁচা মাটি দিয়ে ভাঙা অংশটি সমান করেন। শুক্রবার রাত ও শনিবার বৃষ্টিতে মাটিগুলো কাদায় পরিণত হয়ে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মঞ্জুর ইসলাম শামীম বলেন, ‘সড়ক বেহাল হওয়ায় চলাচল করা যাচ্ছে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, ‘সওজের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা পরে পদক্ষেপ নেবেন।’
