রংপুর মেডিক্যালের চিকিত্সাসেবা নিয়ে আলোচনা

আপডেট : ২০ জুন ২০২১, ২১:০৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতি, অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, প্রতিবাদ করলে নির্যাতন, দালালদের দৌরাত্ম্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে গোলটেবিল বৈঠকে। রবিবার দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাসেবা নিশ্চিতকরণ ও ভোগান্তি দূরীকরণের দাবিতে গোলটেবিল বৈঠকে আলোচকরা এ আহ্বান জানান। শিক্ষাবিদ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, ওমর ফারুখ, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, হাসপাতালে নির্যাতনের শিকার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেয়াজুল ইসলামসহ বিশিষ্টজনরা। তারা বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে। সেই সঙ্গে দালালদের কাছে রোগীরা জিম্মি। এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক আন্দোলন গড়ে তুলে হাসপাতাল ঘেরাও করে বিচারের দাবি জানানো হয়।