নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীর জামিন স্থগিতই থাকছে

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

নাশকতার দুই মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আসলাম চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতই থাকছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আসলামের পক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।

২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি প্রকাশিত হয়। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক তোলপাড় হয়। ঐ বছরের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ঐ বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা। এই মামলায় জামিনে আছেন আসলাম চৌধুরী। পরে তাকে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার দুটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। কিন্তু এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। দীর্ঘ আট বছরেও তদন্ত সম্পন্ন না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত।