পিরোজপুরে ২০০৪ গৃহহীন পরিবার পেল নতুন ঘর

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৪০

পিরোজপুর অফিস

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে ২য় পর্যায়ে ২ হাজার ৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পরে পিরোজপুরে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন।

পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজীসহ ঘর পাওয়া পরিবারের সদস্য।