দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। নির্বাচন নিয়ে সহিংসতায় গাজীপুরের কালীগঞ্জে ১৫ জন আহত ও অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আহত ২০, প্রার্থীসহ তিন জন আটক, ভোলার চরফ্যাশনে সংঘর্ষে আহত ১৫ জন এবং পটুয়াখালীর দুমকিতে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, কালীগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে। গ্রেফতারকৃত আসাদুজ্জামান বরুন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। জানা গেছে, দলীয় মনোনয়নবঞ্চিত উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর হোসেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক মাস্টারের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী খায়রুল আলমের পক্ষে কাজ করায় রবিবার দুপুরে গোল্লার টেক বাজারে ফারুক মাস্টারের সমর্থকদের সঙ্গে আলমগীরের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বরুন, সাইফুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আসাদুজ্জামান বরুনকে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ আটক করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়নে শনিবার রাতে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বর প্রার্থীর সমথর্কদের মধ্যে সংঘর্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোদাচ্ছের হোসেন, আল-আমিন মিস্ত্রী ও মিরন হোসেনকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ। আহতদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া গভীর রাতে মিরুখালী ইউপির বিভিন্ন স্থানে প্রতিপক্ষরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের (আনারস প্রতীকের) নির্বাচনি ছয়টি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, চরফ্যাশনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ভাঙচুর সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও অভিযোগ করেন মেম্বার প্রার্থী শাখাওয়াত হোসেন বাহার। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রবিবার হাজারীগঞ্জ ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমজাদ হোসেন (ফুটবল) এবং শাখাওয়াত হোসেন বাহার (সিলিং ফ্যান) এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে এঘটনা ঘটে।
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়ায় শনিবার প্রতিপক্ষের হামলায় মাসুদ খাঁন নামে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল মার্কার এক কর্মী প্রতিপক্ষ নৌকা মার্কার সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুমকি থানায় মামলা হয়েছে।
